Posts

Showing posts from October, 2026

অরুণাচল ৩ঃ লস্ট

সকালে উঠে দাঁত মেজে, কফি বানিয়ে, খাতাপেন নিয়ে রোয়িং-এর স্টোন হিলস কটেজের বারান্দায় এসে বসেছি। আজ সোমবার। শনিবার ক্লাস টেস্ট। রবিবার ফাইন্যাল পরীক্ষা। কাল প্রায় কিছুই পড়িনি। আজ না পড়লে গোল্লা পাব। অর্চিষ্মান বলে, কুন্তলা নম্বর ইম্পরট্যান্ট নয়, শেখাটাই ইম্পরট্যান্ট। বেশি নম্বর পেলেই বেশি শেখা বা কম নম্বর পেলে কম শেখার কোরিলেশন অত সরল এবং সহজ নয়। আমার এক ইউনিভার্সিটির বন্ধুর মতে অবশ্য অতটাই। কাঁধ ঝাঁকিয়ে বলেছিল, আসলে গ্র্যাজুয়েশনে ইকনমিক্সটা ভালো করে শিখতে গেলাম কি না তাই ফার্স্ট ক্লাস ফসকে গেল। চব্বিশ বছর আগে থতমত খেয়েছিলাম। এখন হলে খেতাম না। কারণ এখন জানি সব মায়া হোক না হোক সবই কোপিং। আমার পড়ার মেটেরিয়াল হচ্ছে ক্লাসনোট। নোট অনেকেই নেয়, খুব ভালো নেয়। স্প্যানিশ ক্লাসমেটদের কারও কারও নোটখাতা খাতা কম, কালার কোডেড এক্সেল শিট বেশি। আপনি যতক্ষণে কন্ট্রোল এফ টিপে পি টাইপ করে ও -এর দিকে আঙুল বাড়াবেন, সে ততক্ষণে জাবদা খাতার মাথা থেকে উজিয়ে থাকা এক কোটি রংবেরঙের স্টিকি নোটসের টিকি ধরে 'পজেসিভোস টনিকোস' বার করে দেবে। আমার নোট তার ধারেকাছে না। আমার নোট নেওয়ার মধ্যে পাঁচটা সাঁইত্রিশে হাওড়া ব্...

পুজো

ষষ্ঠী গতকাল অর্থাৎ পঞ্চমীতে কফিশপে একজন জানতে চাইছিল আমি অন্যদিনের থেকে এক্সট্রা হাঁইমাই করে টাইপ করছি কেন। বললাম, কারণ আমার একটা জিনিস শেষ করতে হবে, কাল থেকে পুজো শুরু হবে, আজ রাতেই সবাই দিল্লি ঢুকছে, আর যদিও আমার বয়স পাঁচ নয় এবং পুজোর সময় কাজ ডকে তুলে বসে থাকার কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই, স্টিল আই উইল বি সো এক্সাইটেড যে সামনের পাঁচদিন কিছুই করতে পারব না। লোকটা বলল, তা তো বটেই তা তো বটেই। ভদ্রতা করল নির্ঘাত। পুজো অনেকভাবে আসে। ডিব্রুগড় থেকে বেরিয়ে হাইওয়ের দুপাশের মাঠে দৈত্যাকার কাশফুলে চড়ে। গেটের সামনে বাড়িওয়ালার গাছ থেকে ছত্রাকার শিউলি ডিঙোতে ডিঙোতে। অর্চিষ্মান যখন রাস্তায় বেরিয়ে বলে ওঠে, বস্‌স্‌স্‌ এই ওয়েদারটা... বলে দীর্ঘশ্বাস ছাড়ে, সে দীর্ঘশ্বাসে ভেসে । বিস্ময় সুন্দরের প্রতি। আর দীর্ঘশ্বাস সেই সত্যের প্রতি যে এ জিনিস থাকবে না, সব ভালো জিনিসের মতো পলক ফেলতে ফুড়ুৎ হবে। কয়েকবছর ধরে হোয়াটসঅ্যাপে দুর্গাপুজো মিট গ্রুপেও পুজো আসছে। চাকরিসূত্রে এন সি আর-এ ছড়িয়েছিটিয়ে থাকা বন্ধুবান্ধব পুজোতে সি আর পার্কের আশেপাশে এয়ারবিএনবিতে এসে থাকে। দেড় সপ্তাহ আগে থেকে, আমার ধারণা এয়ারবিএনবি বুকিং সারা...