অরুণাচল ৪ঃ অ্যান্ড ফাউন্ড


এইবার শুরু হবে, ক্রাইম সিন রিকনস্ট্রাকশন। চোখ বুজে কল্পনা করছি স্টোন হিলসের পাথুরে পথে দুলতে দুলতে ঢুকছে নিমাজির গাড়ি। বুকিং আছে, শুধু আই কার্ড চেক হবে। আমি নামছি না, ভোটার কার্ড অর্চিষ্মানের হাতে দিচ্ছি, ও হেঁটে হেঁটে ডাইনিং কাম রিসেপশনে ঢুকে যাচ্ছে। তক্তামারা দেওয়ালের ফাঁক দিয়ে ওর আর নিমাজির অবয়ব নড়ছেচড়ছে। দুজনে পাশাপাশি হেঁটে ফিরে আসছে। অর্চিষ্মানের বাড়ানো হাতে আমার ভোটার কার্ড। ওর পাসপোর্ট নেই। হয়তো রিসেপশনের টেবিলে পড়ে আছে, হয়তো অর্চিষ্মান পকেটে ঢুকিয়ে নিয়েছে। অর্চিষ্মানের পকেট দাদুর দস্তানা, সব ঢুকে যায়। পকেট থেকে পরে অন্য জিনিস বার করার সময় পড়ে গেছে। যেমন রেগুলারলি পড়তে থাকে।

স্টোন হিলসে ফোন করল অর্চিষ্মান। প্রশ্ন শেষ হওয়ারও আগে ভাইসাব বলে দিলেন নেহি হ্যায়। ওইটুকু সময়ে চারপাশের দশ সেন্টিমিটারেও চোখ বোলানো সম্ভব নয়। কিন্তু অর্চিষ্মানকে ঝেড়ে ফেলা অত সহজ না। দয়া করে একবার আমাদের ঘরটা চেক করুন আধঘণ্টা বাদে ফোন করছি বলে অর্চিষ্মান ফোন রাখল।

নিজেদের জিনিস আবার আর এক রাউন্ড খোঁজা হল। পাসপোর্ট পাওয়া গেল না। মুখে কেউই কিছু বলছি না, কিন্তু দুজনেই জানি, দুজনেই মনে মনে ধরে নিয়েছি, পাওয়া যাবে না। ধরে নিয়ে পরবর্তী কর্মপদ্ধতি ঠিক করছি। পাসপোর্ট হারানোর অভিযোগ দায়ের করতে হবে। অনলাইন করা যায় কিন্তু থানা থেকে স্ট্যাম্প না মারিয়ে আনলে সে অভিযোগের কোনও মূল্য নেই। আনিনির থানা, রোয়িং-এর থানা না দিল্লির থানা? আধঘণ্টা হয়ে গেছে, অর্চিষ্মান আবার স্টোন হিলস-এ ফোন করেছে। মিলা ভাইসাব? নেহি মিলা? ঠিক সে দেখা আপনে? হতাশ থ্যাংক ইউ সহ ফোন রেখে দিচ্ছে। আমাকে বলছে তৎকালে পাসপোর্ট করানো যাবে কি না দেখতে। সরকারি ওয়েবসাইট খুলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স পড়ছি। তৎকাল তৎকাল তৎকাল . . . এই তো। নাহ্‌। যাবে না।

শিওর?

ল্যাপটপ ঘুরিয়ে ওকে নিঃসংশয় করলাম। লস্ট বা ড্যামেজড পাসপোর্টের কেসে তৎকালে নতুন পাসপোর্ট বানানো নিষিদ্ধ।

অর্চিষ্মানের মুখ এতক্ষণে ম্লান হল। আনিনি থেকে ফিরে ওর কলম্বো যাওয়া। পাসপোর্ট পাওয়া না গেলে আর তৎকাল করা না গেলে ক্যান্সেল। এবং এই প্রথমবার নয়। প্রথমবার ক্যান্সেল হয়েছিল অর্চিষ্মানের কোভিড হয়েছিল বলে, দ্বিতীয়বার ওখানে মারামারি বেধেছিল বলে। তিনবারের বার যাওয়ার সাতদিন আগে পাসপোর্ট হারাল।

কলম্বো নিয়ে আমার কিছু একটা ফাঁড়া আছে, শিওর।

চুপ করে আছি। কুসংস্কার চাড়া দিয়ে ওঠার জন্য এই সব দুর্বল মুহূর্ত আদর্শ তত্ত্বাদি জিভের ডগায় গুঁতোগুঁতি করছে, বেরোতে অ্যালাউ করছি না। কারণ এগুলো সব অর্চিষ্মান জানে। আমার পাসপোর্ট হারালে আমিও ফাঁড়াটাড়া বলতাম তখন অর্চিষ্মান এই সব জ্ঞান দিতে এলে তাবরি উইর‍্যা যাইত গিয়া।কিন্তু একেবারে চুপ করে ভালো দেখায় না, পারিও না। বললাম, পাসপোর্ট খুঁজে পেয়ে কলম্বো চলে গেলেই ফাঁড়া কেটে যাবে।

তখন হয়তো প্লেনফেন ভেঙে পড়বে।

পড়বে না।

কী করে জানলে?

তুমি যে ভাবে জেনেছ কলম্বো যাওয়ায় তোমার ফাঁড়া আছে, সেভাবে।

*

বেঁচে থাকার একটা ভালো ব্যাপার হচ্ছে যত বিপদই ঘটুক না কেন খিদে, ঘুম আর বাথরুম পাবেই পাবে। হ্যাঁ কী খেলাম কতটা খেলাম ঝাল হয়েছিল না মিষ্টি সে সব মনে না থাকতে পারে, কিন্তু খাওয়ার কথা ভুলিনি। মাঠে বনফায়ারের আগুন জ্বালানো হয়েছে, কয়েকজন অতিথি জোরে জোরে হাসছেন আর কথা বলছেন। পাসপোর্ট না হারালে যেতাম কি না জানি না, এখন প্রশ্ন নেই। আকাশে তারা দেখা যাচ্ছে না। তার মানে মেঘ করেছে।

মিশমির একটা বাজে বা ভালো ব্যাপার হচ্ছে ঘরে টিভি নেই। আজ ফোন ঘাঁটার মেজাজ নেই  অর্চিষ্মানের, ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে নিশীথরাতের বাদলধারায় ঘুম ভাঙল।  বাড়িতে থাকলে এ জিনিস ঘটলে সানডে সাসপেন্স শুনি, নয়তো ফ্যান, নয়তো এসি। এখন শুয়ে শুয়ে ঝমঝম শুনছি। নিজের মনে মনে সানডে সাসপেন্স বানানোর চেষ্টা করছি। কল্পনাশক্তিতে কুলোচ্ছে না। চকচকে ছাঁটা বাগানওয়ালা মিশমিকে দুষছি। মোড়ের মাথার ভুষকো রেস্ট হাউসের কম্পাউন্ডে নিশ্চয় এতক্ষণে ভুতেদের বনফায়ার বসেছে।

*

প'নে পাঁচটা। দিল্লিতে আজকাল ছ'টাতেও ফরসা হতে চায় না, এখানে অলরেডি আলো আলো। উঠে পড়লাম। আজ মঙ্গলবার। রবিবার পরীক্ষা। আজ হয় আমি পড়ব নয় . . . নয় কী মাথায় আসছে না, তবে নির্ঘাত গুরুতর কিছু। জীবন অলরেডি অনুতাপে ছয়লাপ, পরীক্ষার আগের সপ্তাহে ঘুরতে গিয়ে এলিমেন্টারি স্প্যানিশে ফেল মারার অনুতাপ অ্যাড না হলেও চলবে। খাতাপেন বগলে বারান্দায় গিয়ে বসেছি। আকাশ থেকে বৃষ্টি পড়ছে না, কিন্তু কটেজের তিনকোণা ছাদ বারান্দার রেলিং গাছ পাতা ফুল কুয়াশা থেকে জমা জল এখনও ঝরছে। নাহ্‌, পড়া শুরু করতে হবে। এক কাপ কফি হলে ভালো হয়। ঘরে টি ব্যাগ আছে, কফির স্যাশে নেই। সি আর পার্কের দিদির থেকে কেনা থ্রি কোয়ার্টারস পাজামা ছেড়ে জিনস গলিয়ে রান্নাঘরের দিকে চলেছি। পায়ে হোটেলের প্লাস্টিকের চটি, ভেজা পথে প্রবল পচপচানি জুড়েছে। আশেপাশের সব কটেজের ঘুম ভাঙিয়ে একগাদা অভিশাপ জোগাড় হবে মনে হচ্ছে সকাল সকাল। রেস্টোর‍্যান্টের দরজা আধখানা খোলা, ভেতরে স্পষ্ট বাসনের আওয়াজ, মিহি গলায় ভাইসাব ভাইসাব ডাকাডাকি করছি, সাড়া পাচ্ছি না। পচপচ শব্দে ঘাড় ঘোরাচ্ছি। উল্টোদিকের কটেজ থেকে একজন বেরিয়ে এদিকেই আসছেন, দৃপ্ত ভঙ্গিতে রান্নাঘরে ঢুকে গিয়ে, আপকো বুলা রহি হ্যায়, বলে আবার বেরিয়ে যাচ্ছেন। আমার একদমে বলা তিনটে থ্যাংক ইউ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করছেন। কফির অর্ডার নিতে একজন বেরিয়েছেন, আমাকে দেখেই বলছেন, কটেজ টেন? টু ব্ল্যাক কফি উইদাউট সুগার? ঘাড় নাড়ছি। বাকি সব ঠিকই আছে শুধু টু-এর বদলে ওয়ান। অর্চিষ্মানের ঘুম ভাঙলেই বেচারার হারানো পাসপোর্টের বাস্তব ঝাঁপিয়ে পড়বে। তার থেকে যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক। উঠলে কফি অর্ডার করা যাবে। চটি পচপচিয়ে ফেরত আসছি। 

খাতা খুলে লিখছি। কফি আসছে। চুমুক দিচ্ছি। আহ্‌। ড্রাইভারদের বিল্ডিং থেকে একজন ব্রাশ হাতে বেরিয়ে স্টাফদের বাথরুমের দিকে হাঁটছেন। বেসিনে দাঁড়িয়ে মুখ ধুচ্ছেন। নাক ঝাড়ছেন, জিভ ছুলছেন, ওয়াক তুলছেন। বমিটাই শুধু বাকি। প্রক্ষালনপ্রক্রিয়ার প্রবল প্রতিধ্বনি মেলাতে খাতায় মন ফেরত আনলাম। কফিতে কাজ দিয়েছে। সাঁই সাঁই লিখছি। কে জানে কিছু মনে থাকবে কি না। বা যেটা ভুলে গেলাম সেটাই হয়তো পরীক্ষায় এল। আবার বৃষ্টি নামছে। তবে কম জোরে। চোখের কোণে আবার নড়াচড়া মিশমির গেট দিয়ে একটা মেয়ে ঢুকছে, হাতে ছাতা, কাঁধে মিশমি হোটেলের ছাপ মারা টোট ব্যাগ। ওই যে সহকর্মীর নাচের কথা বলেছিলাম আগের পোস্টে, সেই দৃশ্যটা ঘটছে। মেয়েটা হাই তুলতে তুলতে ঢুকছে, উল্টোদিকে মেন বিল্ডিং-এর বারান্দায় দাঁড়িয়ে সেই ছেলেটা নাচছে। মেয়েটা হেঁটে হেঁটে দরজায় পৌঁছে গেছে, ছাতা বারান্দায় রাখছে ভাঁজ না করেই, শুকোবে, ছেলেটা মেয়েটার কাঁধ ঠেলতে ঠেলতে রান্নাঘরে ঢুকে যাচ্ছে। 
 
মিশমির কম্পাউন্ড জুড়ে আবার নৈঃশব্দ্য। আমি খাতায় পেন ঠেকিয়ে বসে আছি।

ছবি তোলা প্রায় ছেড়েই দিয়েছি। অর্চিষ্মান মাঝে মাঝে এখনও পকেট থেকে ফোন বার করে এদিকওদিক তাক করে, আমি করি না। কারণ ভেবে দেখেছি ছবি তোলার কোনও কারণ নেই। আমি কাউকে ছবিগুলো দেখাব না। কফি শপে অলরেডি লোকে পাশের টেবিল অ্যাভয়েড করে, এর ওপর পাকড়াও করে ছবি দেখাতে গেলে রক্ষা থাকবে না। নিজেও দেখব না। এত বছরে যত ছবি তুলেছি কোনওটা খুলে দেখার তাগিদ বোধ করিনি। মেমোরিতে এলে, চোখে পড়লে দেখি, না পড়লে মিস করি না। কারণ ছবি আনন্দের সঙ্গে অনেক অস্বস্তিও মনে পড়ায়। আনন্দ চাই না ঠাকুর, অস্বস্তিতে ফেলো না।

তাছাড়া যা যা মনে থাকার ছবি ছাড়াই মনে আছে। অনেক ছবির কথাও মনে আছে, ছবিটাকে ঘিরে সম্পূর্ণ অন্য একটা বিষয়ের জন্য। শিলং-এ বিয়ের পর প্রথম বেড়াতে গিয়ে নতুন ক্যামেরায় একগাদা সিংগল ছবি তুলেছিলাম,  ক্যামেরায় টাইমার সেট করে দু'জনের একসঙ্গে ছবি তোলার কথাটা মাথায় আসেনি কেন জানি না। সেই সব কোটি কোটি সিংগল ছবির মধ্যে একটা ডবল ছবি ছিল, ড্রাইভার বা গাইড কেউ দয়াপরবশ হয়ে তুলে দিয়েছিলেন সম্ভবতঃ। ছবিটা দেখে মা পরামর্শ দিয়েছিলেন, সোনা, ছবি তোলার সময় এবার থেকে একেবারে পাশাপাশি না দাঁড়িয়ে অল্প সরে দাঁড়াস। তুই যত না বেঁটে তার থেকে বেঁটে মনে হচ্ছে।

বাই দা ওয়ে, আমি বেঁটে নই। অর্চিষ্মান বলবে, আহা বেঁটে কেন হবে তুমি হচ্ছ গিয়ে যাকে বলে খাটো। আমি খাটোও নই। আমি তুলনামুলকের ট্র্যাপে পড়ে গেছি। এনিওয়ে, আমার প্রতিপাদ্য হচ্ছে ওই ছবিটার মুহূর্তটা আমার মনেই নেই। ছবিটাও মনে থাকত না, পাশাপাশি দাঁড়িয়ে তারপর কত ছবিই তো তুলেছি, শুধু মায়ের কথাটা ওই ছবিটাকে স্মরণীয় করে রেখেছে।

আমি ছবি তোলা বন্ধ করেছি, কারণ আমার মনে রাখতে ছবির দরকার নেই। ছবি থাকলেও ভুলে যেতে বাধা নেই। আমার জীবনের স্মরণীয় অধিকাংশ মুহূর্তেরই কোনও ছবি বা ভিডিও নেই কারণ সে সব মুহূর্তে ছবি তোলার বা ভিডিও করার পরিস্থিতি ছিল না। পরিস্থিতি যেখানে ছিল, ছবি বা ভিডিওর সে সব মুহূর্ত ক্যাপচার করার ক্ষমতা ছিল না।

যেমন ধরা যায় ওপরে যে মুহূর্তটা। মিশমি রিসর্টের বারান্দা, সকাল সাতটা বাজবে বাজবে বা জাস্ট বেজেছে, বৃষ্টি কুয়াশামুয়াশার জন্য পাঁচটা বলে চালিয়ে দেওয়া যায়, আমার আঙুলের ফাঁকে পেন, পেনের নিচে খাতা, খাতার‍ পাতায় স্প্যানিশ, খাতার ডান দিকে ফুরোনো কফির কাপ, সামনে রেলিং, রেলিং পেরিয়ে ভেজা পাথরের পথ, পথের ওপারে বাগান, ধূসরতার মধ্যে ড্যাবড্যাব ফোটা ধপধপে গোলাপ, একটা মেয়ে ঢুকছে, হাই তুলতে তুলতে, ছাতা ও ঘুমের অপ্রতুলতায় কুঁচকোনো শরীর, একটি ছেলে নাচছে।

ভালো কোয়ালিটির ক্যামেরা হয়তো এ সবই নিখুঁত ধরত। ফুলের পাপড়িতে সারফেস টেনশনে টানটান নিখুঁত গোল বৃষ্টিফোঁটা, বৃষ্টিফোঁটার প্রতিফলিত নিটোল সূর্যালোক। মিস করে যেত দৃশ্যের কুড়ি হাত বাইরে অর্চিষ্মানকে। আমার ব্রেনের কেমিক্যাল রিঅ্যাকশনে অর্চিষ্মানের উপস্থিতির - ঘুমন্ত বা জাগ্রত ইমমেটেরিয়াল - প্রভাবকে। আমার খোলা খাতা,কালি লিক করা রিফিল ইত্যাদি যে আসলে আমার পায়ের বল, সাতদিন বাদে আসন্ন পরীক্ষার তারিখ যে আসলে একটা গোলপোস্ট চিনতে পারত না। আমার বুকের ভেতর গোল দেওয়ার গোপন স্বপ্ন ও সংকল্প তো দূর।

ছবি তুলিনি। কিন্তু মিশমি রিসর্টের বারান্দার মুহূর্তটাকে মনে রেখেছি। যেটা আমার ডাম্পস্টার ফায়ার জীবনের, আমার ছাড়াগরু জীবনের, আমার স্বখাতসলিল জীবনের একটা পারফেক্ট মুহূর্ত। বা পারফেকশনের যত কাছে পৌঁছনো সম্ভব, তত কাছের।

*

অর্চিষ্মান উঠেছে। কফি খাচ্ছি দু'জনে। বলছি, সাইট সিয়িং বাদ দিয়ে থানায় যাই চল। অনলাইন লস্ট রিপোর্ট করে থানা থেকে ছাপ মারিয়ে আনি। আনিনি-র থানা কাছেই দেখাচ্ছে ম্যাপে। অর্চিষ্মান বলছে কিন্তু আনিনিতে তো হারায়নি। কোথায় হারিয়েছে জানি না। রোয়িং-এর থানাতে যেতে হবে মনে হয়। নাকি একেবারে দিল্লির থানাতে গিয়ে করব। নানারকম সম্ভাবনা নিয়ে নাড়াচাড়া চলছে কিন্তু কোনও সিদ্ধান্তে পৌঁছনো হচ্ছে না। কফি শেষ করে হাঁটতে বেরিয়েছি। উদ্দেশ্যহীন। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে লোকেদের কটেজে ঢুকে পড়া বাদ দিয়ে মিশমি রিসর্টের বাকি খালি জমি কভার করাই আমাদের প্ল্যান। বাগান ঘিরে পাথরের পথ ধরে এঁকেবেঁকে হাঁটছি। কম্পাউন্ডের কোণে সিঁড়ি বেয়ে উঠে ছাউনি দেওয়া জায়গা। দেখে মনে হচ্ছে বেশিসংখ্যক মানুষের উদযাপনের জন্য বানানো। পর্যবেক্ষণ করে নেমে আসছি। অর্চিষ্মানের রকমসকম দেখে মনে হচ্ছে পাসপোর্টের ব্যাপারটা ওর মাথা থেকে বেরিয়ে গেছে। নিশ্চয় যায়নি। কিন্তু অর্চিষ্মান দিব্যি স্বাভাবিক ব্যবহার করছে। হাসছে, কথা বলছে, ঠিক জায়গায় ঠিক প্রতিক্রিয়া ও মুখের ভাব দেখাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে বলছে, একটাই আফসোস। এত সুন্দর একটা সকাল প্রত্যক্ষ করছি, মনে রাখতে পারব না। সব ভুলে যাব।

ভুলো বলে অর্চিষ্মানের ভূভারতে খ্যাতি আছে। মুখে বলে না, কিন্তু আমার ধারণা ও এই খ্যাতি উপভোগ করে। বিশেষ করে এই যে আমি দিন আনি দিন খাই জীবনের মধ্যে লেবড়েলুবড়ে আছি, ঠোঁটের কোণ থেকে ভুরুর বাঁক থেকে গলার ঢোঁক কিচ্ছু মিস করছি না এবং আঁতিপাঁতি মনে রাখছি - আর আমার পাশে পাশে যে ও পৃথিবীর মধ্যে দিয়ে আপনভোলা পথিক বা "জেন" সাধকের মতো চলেছে এটা ওকে সুপিরিয়রিটির ওম দেয়।

কাজেই ওর দীর্ঘশ্বাসের তলে দেমাকটা ধরতে পারলাম। আস্তে করে বললাম, মনে থাকবে না ভুলে যাবে বলে নয় মন দিয়ে দেখছ না বলে। ততক্ষণে মিশমি পরিক্রমা শেষ করে কটেজের বারান্দায় এসে পৌঁছেছি। অর্চিষ্মান যথারীতি তেরিয়া হল। কে বলল মন দিয়ে দেখছি না। চোখ দিয়ে দেখছি, চশমা দিয়েও দেখছি। বললাম, ওই সাদা ফুলটাকেও দেখেছ তার মানে।

অর্চিষ্মান বলল, কোথায় সাদা, কোথায় ফুল? 

আমার আর ওর নাকের ঠিক মধ্যবর্তী বিন্দুতে, পাঁচ হাত দূরে ফুটে থাকা টেনিসবল সাইজের গোলাপটার দিকে ভুরু নাচালাম। বলল, ওহ্‌, এটা মিস করে গেছি। কিন্তু বাকি সব ফুল দেখেছি তো। বলে আঙুল তুলে তুলে বাগানের যত লাল নীল ফুল দেখাতে লাগল। 

অর্চিষ্মান এঁড়ে তর্ক চালায় চালাক, ভুলে যাওয়া শুরু হয় মন না দেওয়া থেকে। মনোযোগ যদি দিয়ে থাকে কেউ, ভোলে না। ভোলা সম্ভব না। 

ফ্রি ব্রেকফাস্টে বিকল্প যথেষ্টই ছিল, কিন্তু চা কফি দুটোই ছিল দুধচিনি শুদ্ধু। কাজেই আমাকে হাইমেন্টেন্যান্স হয়ে ফ্রি ব্রেকফাস্টের বাইরে দুধচিনি ছাড়া কফি পয়সা দিয়ে অর্ডার করতে হল। অর্চিষ্মানও অর্ডার করাতে অপরাধবোধ কমল। অর্চিষ্মান এর মধ্যে আমাদের এজেন্টকে ফোনে পাসপোর্ট হারানোর খবর দিয়েছে। সাইট সিয়িং-এ বেরোনোর আগে আমাদের এজেন্সির দুটো গাড়ি, যারা একসঙ্গে যাচ্ছেও না আবার যাচ্ছেও, সে দু'জন ছাড়াও অন্যান্য ড্রাইভারেরা অর্চিষ্মানকে ঘিরে ধরেছে। চিন্তা করবেন না সার, রোয়িং থেকে আনিনির একটাই রাস্তা। নেটওয়ার্কে খবর চলে গেছে, আপনি যেখানে যেখানে থেমেছেন খোঁজ নেওয়া হবে। রানলিং-এ দু'ঘণ্টা বাদে একজন পৌঁছবে, পঁয়তাল্লিশ মিনিট পরে একজন সিক্সটি ফাইভে। আপনার পাসপোর্ট যদি রোয়িং টু আনিনির রাস্তায় হারিয়ে থাকে আর যদি এর মধ্যে বন থেকে বাঘ বেরিয়ে সে পাসপোর্ট মুখে করে বাড়ি না নিয়ে গিয়ে থাকে, পেয়ে যাবেন।

যথোপযুক্ত থ্যাংক ইউ ও কৃতজ্ঞতাজ্ঞাপন করে আমরা এমুলি গ্রাসল্যান্ড দেখতে চললাম। গাড়িতে আমাদের সঙ্গে একজন গাইড। এঁর পদবী মিহু। মিশমি রিসর্ট নাকি এঁরই বড়দার। আমরা খুবই প্রশংসা করলাম। গাইড ছাড়া গ্রাসল্যান্ড যাওয়া বারণ। কারা যেন ক'দিন আগে সিগারেট না নিভিয়ে ছুঁড়ে ফেলে গোটা গ্রাসল্যান্ড জ্বালিয়েপুড়িয়ে দিয়ে এসেছে। কে জানে কেমন লোক। চিনি না কাজেই মন্তব্য করা উচিত হবে না। তবে একটা বিষয়ে শিওর, তারা পাবলিক প্লেসে হেডফোন ছাড়া ফোনে জোরে জোরে ভিডিও দেখে।

এঁকেবেঁকে গাড়ি চলল। অর্চিষ্মান জানালার বাইরে তাকিয়ে বিড়বিড় করছে। আমি সিয়েন পর সিয়েন শিওর স্প্যানিশ রিভিশন দিচ্ছে। নোভেন্তা পর সিয়েন্তো সংখ্যা রিভিশন দিচ্ছে।

এমুলি গ্রাসল্যান্ড পাহাড়ের ওপর একটি তৃণভূমি। পথের শুরুতে কয়েকটা লাঠি পাহাড়ের গায়ে হেলান দিয়ে রাখা। নিলাম একটা। এই পথ ধরে ট্রেকিং করে সেভেন লেকস পর্যন্ত যাওয়া যায়। আমরা অতদূর যাব না। রাস্তা সোজা এবং সরু। গাছেরা ঝাঁপিয়ে নাকেমুখে পড়ছে। গাছগাছালির ফাঁক দিয়ে পাহাড় নদী উপত্যকা দেখতে দেখতে চলেছি। সে এত সুন্দর যে বার বার থামছি আর আহাবাহা করছি। মিহুজি বলছেন, কেয়া সুন্দর ম্যাম, হামলোগ তো দেখতে দেখতে বোর হো চুকে হ্যায়। বললাম, মানছি, বোর হওয়াই স্বাভাবিক কিন্তু বোর না হলে বুঝতে পারতেন কী সুন্দর।

তারপর আমরা ঘাসজমিতে এসে পড়লাম। হাওয়ায় এই ঘাসের দুলুনি ভিডিওতে দেখেছি। আমরা যখন পৌঁছলাম হাওয়াটাওয়া কিছু নেই, ঘাসটাস কেউ দুলছেটুলছে না, এমনি স্থির বসে আছে কিন্তু এরা এমনিই সুন্দর। এই সব পাহাড় নদী সবাই এমনিই সুন্দর। অর্চিষ্মান ঘাসজমির মধ্য দিয়ে সরু পথ ধরে উঠতে শুরু করেছে। থামছে না। সেভেন লেকস পর্যন্ত যাওয়ার মতলব করছে না আশা করি। এমনিই উঠছে। কারণ পাহাড় দেখলেই ওর চড়তে ইচ্ছে করে। আমিও উঠছি অর্চিষ্মানের পেছন পেছন। অর্চিষ্মান মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখছে আর হাসছে। ওর আমাকে দেখলে সর্বক্ষণ এত হাসি পায় কেন কে জানে। চেঁচিয়ে জিজ্ঞাসা করছি, হাসছ কেন? অর্চিষ্মান চেঁচিয়ে, মানে ওর পক্ষে যতটা চেঁচিয়ে বলা সম্ভব বলছে, তোমাকে ঠিক যুধিষ্ঠিরের মতো দেখাচ্ছে। বলে ফোন বার করে আমার ছবি তুলছে। যেন ও জানে যুধিষ্ঠিরকে কেমন দেখতে ছিল। অদ্ভুত। আবার উঠছি দু'জনে। অর্চিষ্মান পেছন ফিরে ফিরে আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমি বলছি, এবার কার মতো দেখাচ্ছে? ভীম না ধর্মঠাকুর? অর্চিষ্মান দাবি করছে এবার কারও মতো দেখাচ্ছে না, এই যে ও জীবনের পথে চলেছে আর পেছন ফিরতেই দেখেছে আমি হাসি হাসি মুখে পেছু পেছু আসছি, এই ঘটনাটা ওর মধ্যে কৌতুকের সঞ্চার করেছে।

আমার মুখ যে হাসিহাসি সেটা আমি জানি। ইউনিভার্সিটিতে অরিত্র বলে ভুগোলের একটা ছেলের সঙ্গে আলাপ হওয়ার পাঁচমিনিটের মধ্যে, তোকে দেখে আমার কার একটা কথা মনে পড়ছে, কার একটা কথা মনে পড়ছে... কার একটা, কার একটা বলে ভুরুটুরু কুঁচকে ভাবার ভান করে তুড়ি মেরে চোখ গোল করেছিল। রাইট। আবোলতাবোল-এ আহ্লাদী কবিতায় তিনজন আহ্লাদীর ছবি ছিল না? তোকে এক্স্যাক্টলি তাদের একজনের মতো দেখতে। আর একজন, তারও আমি কোনও পাকা ধানে মই দিইনি, তার নামে কারও কাছে কোনও কুৎসা গাইনি, বলেছিল পাণ্ডব গোয়েন্দার বাচ্চুর রোলে নাকি আমি পারফেক্ট কাস্টিং।

যাকগে, আমাকে যার মতোই দেখতে হোক, অর্চিষ্মানের কেন হাসি পাচ্ছে আমি জানি না। ওর জায়গায় আমি থাকলে আমার পেত না। আমি জীবনের মধ্যে দিয়ে হাঁটছি আর আমার পেছন পেছন একজন হাসি হাসি মুখে আসছে - হাসির নয়, এ হরর প্লট।

তৃণভূমি চিরে ওপরে ওঠার উল্লম্ব পথও যেমন আছে, অনুভূমিকও আছে। সে রকম এক অনুভূমিক সমতলে পৌঁছে আমরা দাঁড়ালাম। মিহুজি এখন অনেক নিচে একটি কালো বিন্দু। আশপাশে আরও বিন্দু নড়াচড়া করছে। অর্থাৎ বাকিরা উঠে এসেছে। নেমে এলাম, মিহুজি এবং দলের অন্যান্যরা যেখানে দাঁড়িয়ে, বসে আছেন। চেন্নাইয়ের এক অবসরপ্রাপ্ত দম্পতি ট্রাইপডে ক্যামেরা ফিট  করে, আকাশে  ড্রোন উড়িয়ে ছবি তুলছেন। আমরা সমীহ দেখাতে ভদ্রতার অট্টহাসি হেসে বললেন, না না অত কিছুও না, জাস্ট পোস্ট-রিটায়ারমেন্ট হবি। রিটায়ারমেন্টের পর  নাকি কেবলই ঠোকাঠুকি লাগছিল কাজেই যে  যার হবি বেছেছেন।  ঘর মে ব্য়য়ঠকে ঝগড়া করনে সে তো আচ্ছা হ্যায়।

কিছুক্ষণ ওঁদের সঙ্গে গল্প করে আমরা নেমে পড়লাম। শুধু আমরাই নামলাম, বাকি সবাই ওপরে আরও কিছুক্ষণ থাকতে চায়। পাহাড়ের নিচে ড্রাইভারেরা দাঁড়িয়ে গজল্লা করছিলেন। নিমাজির ভঙ্গি দেখে মনে হল না বন্ধুদের পার্টি না নামলে গাড়ি ছাড়বেন। অসুবিধে নেই। আমার আর অর্চিষ্মানের এখনও রিটায়ারমেন্ট হয়নি, ঝগড়া না করে একসঙ্গে থাকতে পারি। গাড়িতে গিয়ে বসলাম। আমি শিওর অর্চিষ্মান এখনও পাসপোর্টের কথাই ভাবছে, কিন্তু আমার সঙ্গে নর্ম্যাল কথোপকথন চালাচ্ছে। আমাকে স্প্যানিশ পড়া ধরছে। মনে করে করে উত্তর দিচ্ছি এমন সময় চশমার বাঁদিকের কাঁচের দক্ষিণ পশ্চিম কোণা থেকে একটা কিছু এঁকেবেঁকে উঠতে লাগল। সবুজ কেঁচো। বা কেঁচোর বাচ্চা। প্যানিক না করে চশমা খুলে অর্চিষ্মানকে দিলাম, অর্চিষ্মান ঝেড়ে আমাকে ফেরত দিল। হোপফুলি বেশি জোরে পড়েনি বা পড়লেও পাতার ওপর পড়েছে, বাঁচবে।

আধঘণ্টা বাদে সবাই হাঁসফাঁস করতে করতে পাহাড় থেকে নেমে এল। আজকের বাকি যা যা ভিউপয়েন্ট ইত্যাদি লাঞ্চের পর। লাঞ্চ আনিনি বাজারেও করা যায়, মিশমি রিসর্টেও করা যায়। অন্যদিন হলে বাজারই বাছা হত, কিন্তু মুখে স্বীকার না করলেও আজ অ্যাডভেঞ্চারে মন নেই কারও কাজেই লাঞ্চ হোটেলেই করব। 

অর্চিষ্মানের মতে আমার চারিত্রিক দোষের আর একটা হচ্ছে, ভুলভাল খাবার অর্ডার করা। পুরীতে গিয়ে মানচাও সুপ, মুরথলে দোসা, অরুণাচলে আলুপরোটা। অর্চিষ্মান ব্যক্তিস্বাধীনতার বড় প্রোপোনেন্ট। অর্ডার করার সময় কিছুই বলে না। তারপর যখন খাবার আসে, প্রথম গ্রাস মুখে পুরি, আমার মুখ দেখে মাথা নেড়ে নিজের খাবার থেকে সাধে। যা যা সাধা সম্ভব। পাহাড়ে গেলেই আমার ম্যাগি নয় আলুপরোটা খেতে ইচ্ছে করে। ম্যাগির মোহাঞ্জন আগের পর্বেই ঘুচেছে, কাজেই আলুপরোটা অর্ডার করেছি। বোকামির অংশটা হয়েছে যে আমার আলুপরোটার স্মৃতি সব হিমাচল উত্তরাখণ্ডের পাহাড়ে। ওঁরা তো দু'হাত পিছমোড়া করে বেঁধে দিলেও ঘুমিয়ে ঘুমিয়ে আলুপরোটা বানিয়ে দেবেন। এখানে মারাত্মক সময় লাগছে। বসে আছি তো আছিই। অর্চিষ্মান স্থানকালপাত্রোপযোগী কিছু একটা অর্ডার করেছে, খাবার এসে গেছে, ও খাচ্ছে এবং ক্রমাগত আমাকে খেতে সাধছে। আমি ভাঙব তবু মচকাব না মুখ করে বসে আছি। অর্চিষ্মানের ফোন বাজছে। নেটওয়ার্কের কারও ফোন হবে। কেউ একটা রানলিং পৌঁছেছে বা সিক্সটিফাইভ। অর্চিষ্মানের পাসপোর্টের খোঁজ নিয়েছে এবং পায়নি। নির্ঘাত বাঘে মুখে করে তুলে নিয়ে গেছে। অর্চিষ্মান ফোনের দিকে তাকাচ্ছে। ওর মুখচোখ অন্যরকম হয়ে গেছে। যেন নম্বরটা চেনা।

হ্যালো?

ওপার থেকে এক লাইন কথা, আমি শুনতে পাইনি কিন্তু অর্চিষ্মান পেয়েছে। ছিটকে টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে।

ভাইসাআআআব। 

চার অক্ষরের উচ্চারণের সঙ্গে সঙ্গে অর্চিষ্মানের শরীরের ভেতরের যাবতীয় স্ট্রেসকে স্বচক্ষে বেরিয়ে যেতে দেখলাম। অর্চিষ্মান ফোন কানে নিয়ে হাঁটতে শুরু করেছে।

কাহাঁ থা? ব্যালকনি?

আমার আলুপরোটা এসে গেল। আমি আলুপরোটা খেতে লাগলাম। অর্চিষ্মান বারান্দায় হাঁটছে আর ফোনে কথা বলছে, হাসছে। আমাকে দেখে অর্চিষ্মান যে হাসিটা হাসে এটা সে হাসি নয়। এটা রিলিফের হাসি।

*

রোয়িং-এর স্টোন হিলসের দু'নম্বর কটেজের পেছনের বারান্দায় রিপাবলিক অফ ইন্ডিয়া লেখা একটা পাসপোর্ট পড়ে ছিল। ভেতরে অর্চিষ্মান মিত্রর ছবিসহ কুষ্ঠিঠিকুজি। কাল সন্ধে থেকে অর্চিষ্মান ঘর পরীক্ষা করতে বলছিল বলে ওঁরা খুব মন দিয়ে ঘর পরীক্ষা করেছিলেন, বারান্দা পরীক্ষা করতে বলেনি বলে মন দিয়ে অগ্রাহ্য করেছেন। আজ ঝাড়ুদার এসে ব্যালকনি ঝাড়তে গিয়ে পাসপোর্ট পেয়েছে। ওঁরা রেখে দেবেন। ফেরার পথে রোয়িং-এ অন্য হোটেলে রাত্রিবাস। সে হোটেলে যাওয়ার আগে নিমাজি আমাদের স্টোন হিলসে নিয়ে যাবেন, অর্চিষ্মান পাসপোর্ট সেখান থেকে নিয়ে নেবে।

*

আলুপরোটা শেষ করে ভিউ পয়েন্টে গেছিলাম। কাছেই। ভিউপয়েন্ট যেমন হয়। রেলিংঘেরা বাঁধানো দাঁড়ানোর জায়গা। হাঁটার উপযুক্ত সমতল পথ পথের পাশে রংবেরঙের ফুল। নিচে সুন্দর আনিনি শহর। সিলেবাসে 'এল বারিও ইদেয়াল' বা 'আদর্শ পাড়া-র চ্যাপ্টারের ভোকাবুলারি প্র্যাকটিস করার জন্য পারফেক্ট। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল দেখিয় চ্যাপ্টার রিভাইস দিলাম। কাসা, তিয়েন্দা, কাইয়ে পেয়াতোনাল, এসকুয়েলা, অসপিতাল, রেস্তাউরান্তে, সেমাফোরো, গাসোলিনেরা, পিস্তা দে বালোনসেস্তো।

খুবই সুন্দর। কিন্তু একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে, নাও এবার সুন্দর ভিউ দেখো আদেশ দিলে সে ভিউ দেখে মুগ্ধ হওয়া একরকম, আর নিজেরা চলতে চলতে হঠাৎ চোখ তুলে চমৎকার ভিউ দেখা একরকম। অর্চিষ্মান দাবি করল ওরও নাকি এক্স্যাক্টলি একই মত। মন ফুরফুরে ছিল, মিল আবিষ্কার করে খুশি হল মনে হয়।

আমরা দু'জনেই ভিউপয়েন্ট পারসন নই, বল?

ঘাড় নাড়লাম। তারপর পরিণতি জেনেও সংযম প্র্যাকটিস না করতে পেরে বলে ফেললাম, আমি অবশ্য খুবই পয়েন্ট অফ ভিউ পার্সন। তুমি?

অর্চিষ্মান মাথা নেড়ে গাড়ির দিকে হাঁটা দিল।

*

নিমাজি আর মিহুজি আমাদের আরও কিছু জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আরও কিছু ভিউপয়েন্ট দেখানোর, না করলাম। পাসপোর্ট ফিরে পাওয়ার উত্তেজনাকে মাত দেওয়া প্রায় কোনও ভিউপয়েন্টের পক্ষেই সম্ভব হত না সম্ভবতঃ। তাছাড়া চারটে বেজে গেছিল। সূর্য ঢলতে শুরু করেছিল। মন বলছিল বৃষ্টিও আসছে। তার আগে হোটেলে পৌঁছব, কফি নেব, বারান্দায় বসে কফি খেতে খেতে বৃষ্টি দেখতে দেখতে স্প্যানিশ রিভিশন দেব। ঠিক তাই হয়েছিল।

*

আমার ভবিষ্যদ্বাণী সত্যি করে অর্চিষ্মান কলম্বো গিয়ে অক্ষত ফিরে এসেছে। প্লেন ভাঙেনি, উল্টে আপডাউন দু'দিকেই বিফোর টাইম ল্যান্ডিং। বাড়ির জন্য দারুচিনি আর গোলমরিচ এনেছে। আর অফিস থেকে যা যা দেয়। দেখতে কাজের, আসলে না। ল্যাপটপ স্লিভ, সিংহল বা তামিল বর্ণমালাছাপা টোট ব্যাগ, কমলা রঙের ম্যাগনেট। একটা স্টোল বা স্কার্ফ বা উড়ুনি মার্কা জিনিস। অর্চিষ্মান বলল ল্যাপটপ স্লিভ আমার লাগবে কুন্তলা, এটা তুমি নাও, বলে খুব ঘটা করে উড়ুনিটা আমাকে দিল। হাসিখুশি হয়ে নিলাম কারণ উপহার গোমড়ামুখে নেয় সাইকোপ্যাথরা, কিন্তু ও জিনিস আমারও কোনও কাজে লাগবে না। জামার সঙ্গে প্যান্ট পরতেই সমস্ত ফ্যাশনসচেতনতা খরচ হয়ে যায়, এর ওপর উড়ুনি পেঁচাতে গেলেই হয়েছে।

Comments