তাওয়াং ৬ঃ ফেরা
গাড়ি দুলতে দুলতে চলল। জানালার কাচে গাল রাখল ঘন বাষ্প, ওয়াইপারের নাগালের বাইরে উইন্ডস্ক্রিনের কিনারায় বরফ আইস হতে শুরু করল। সবাই চুপ। অর্চিষ্মান ফিসফিসিয়ে বলল, মনে হচ্ছে না যত ভালোই হোক, এবার বরফ শেষ হলে পারে? বরফপাতের মধ্যে একটা ভুতুড়ে ব্যাপার আছে। ভূতে আমার আর অর্চিষ্মানের যেমন অবিশ্বাস তেমন ভয়। আমাদের ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, শনশনিয়ে কালবৈশাখী ছোটে, বা অত বাড়াবাড়ি কিছু না হলেও, স্রেফ গরম লাগলেও ফ্যান পাঁচে ঘোরে ক্যাঁচকোঁচিয়ে। মোটমাট একটা শব্দকল্পদ্রুম ঘটে। এদিকে বরফ পড়ে নিঃশব্দে, আশপাশের সমস্ত শব্দ শুষে নিয়ে। ভুতের আবির্ভাবের আদর্শ পরিবেশ। আমাদের বর্ষানিশীথে যে ভুতেরা আসেন রামনাম করলে তাঁরা পিছু হটলেও হটতে পারেন, বরফের নৈঃশব্দ্যে আসেন যাঁরা তাঁরা কীসে ভাগেন আমাদের জানা নেই। কাজেই বরফের ভুতুড়েপনায় আমাদের অস্বস্তি। অস্বস্তি কাটল একটি অসম্ভবে। দেভের সুমোও ফাঁসল। অট্টহাস্য করে দেভ বলল, আরে বাঁদিকে গেল না তো গাড়িটা কিছুতেই। চাকা ঘুরতে আর গাড়ি দুলতে শুরু করতেই লাফিয়ে নামার উপক্রম করলাম। গাড়ির দরকার নেই, গোটা রাস্তা হেঁটে যাব। আমার নামার আগেই ঠেলাঠেলি সারা হয়ে গেল এবং আবার চলতে শুরু করলাম...